পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস। আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টানা সাত দিনের সরকারি ছুটি।
সরকার আগে থেকেই ঈদ উপলক্ষে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। সেই অনুযায়ী ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি এবং ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।
পরে ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। গত ৭ মে মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে।
তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবা।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি স্বাস্থ্যসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সরকারি দপ্তর প্রয়োজন অনুযায়ী খোলা রাখা যাবে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
মন্তব্য করুন