জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি জানান, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়টি ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গড়তে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের পুনর্জাগরণ প্রয়োজন। এ ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ জাতির জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান বলেন, নজরুলের সাহিত্য, দর্শন ও জীবনবোধকে বিশ্বপরিসরে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যেই কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করা যায় কি না, তা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। নজরুল দেশের জাতীয় চেতনা, জাতীয়তাবাদ ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রতীক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বক্তব্য দেন ত্রিশালের সংসদ সদস্য মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারিক মনজুর, কবিপৌত্রী খিলখিল কাজী, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলামসহ আরও অনেকে।
এ সময় নজরুল গবেষণা ও কবির জীবন-দর্শন নিয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুই গুণী ব্যক্তির হাতে ‘নজরুল পদক’ ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পরে তিনি নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচন করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মন্তব্য করুন