
কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যা মামলায় আদালত ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাকি ৫ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১৮ আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন।
মামলার তদন্তে এজাহারভুক্ত ১৭ জনের মধ্যে ছয়জনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয়। এছাড়া এজাহারের বাইরে থাকা আরও সাতজনের নাম উঠে আসে। সব মিলিয়ে ১৮ জন আসামির বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, হত্যা ও অস্ত্র আইনে চার্জশিট দাখিল করা হয়।
গত বছরের ২৪ সেপ্টেম্বর ভোরে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে সশস্ত্র ডাকাত প্রতিরোধ অভিযানে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম। ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করে যৌথবাহিনী।
লেফটেন্যান্ট তানজিম ছারোয়ারের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি ২০২২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৮২তম দীর্ঘমেয়াদি কোর্সে আর্মি সার্ভিস কোরে (এএসসি) কমিশন লাভ করেন।
মন্তব্য করুন