
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় হঠাৎ বেড়ে যাওয়া জ্বালানি তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানের পর।
মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা সামরিক উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার থেকে কমে প্রায় ১০৯ ডলারে নেমে আসে।
গত কয়েকদিন ধরে জ্বালানি বাজারে ব্যাপক দোলাচল দেখা দেয়। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কার্যত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আরও কঠোর করে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের অস্থিতিশীলতা বিশ্ববাজারে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব ফেলে। ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় দ্রুত বাড়তে শুরু করে অপরিশোধিত জ্বালানির দাম।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সিদ্ধান্ত না নিলে দেশটির জন্য বড় পরিণতি অপেক্ষা করছে। এ বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যায়।
তবে পরে পরিস্থিতির পরিবর্তন ঘটে। ইরানি সংবাদমাধ্যমে দাবি করা হয়, আলোচনার পরিবেশ তৈরি করতে ইরানের অপরিশোধিত তেলের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িক শিথিল করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এতে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার আশা তৈরি হয়।
এরপর ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ আপাতত স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে একটি গ্রহণযোগ্য চুক্তির দিকে আলোচনা এগোচ্ছে।
তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সতর্ক করে দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে যেকোনো সময় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা হতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে বিশ্ব অর্থনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে। বিশেষ করে বিমান পরিবহন, পর্যটন ও আমদানিনির্ভর অর্থনীতিগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে।
মন্তব্য করুন