
দেশের পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যাংকিং খাতকে দ্রুত বিকেন্দ্রীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি গত কয়েক বছরে নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে। এর ফলে অনেক আর্থিক প্রতিষ্ঠান কার্যকারিতা হারিয়েছে এবং খাতজুড়ে আস্থার সংকট তৈরি হয়েছে।
ফিন্যান্সিয়াল রিপোটিং কাউন্সিল আয়োজিত ওই অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি নিজেকে ব্যাংকের মালিক দাবি করতে পারেন না। ব্যাংকের প্রকৃত মালিক শেয়ারহোল্ডাররা, আর ব্যাংকের অর্থ মূলত আমানতকারীদের। তাই আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকর করতে সরকার দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। পুঁজিবাজার ও ব্যাংক খাতে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক ব্যবস্থাপনায় ভারসাম্য আনার উদ্যোগ নেওয়া হবে।
একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমির অতীতের আর্থিক ব্যবস্থাপনার সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরে আর্থিক রিপোর্টিং খাতে অনিয়ম ও খামখেয়ালিপনা ছিল। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি বলেন, সম্পদের প্রকৃত মূল্য যাচাই না করেই বড় অঙ্কের ঋণ অনুমোদন দেওয়ায় ব্যাংকগুলো খেলাপি ঋণের চাপে পড়েছে। পাশাপাশি একের পর এক আর্থিক কেলেঙ্কারিও ঘটেছে, যা দেশের ব্যাংকিং খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
ড. তিতুমীরের মতে, আর্থিক খাতে টেকসই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে জবাবদিহিমূলক আর্থিক রিপোর্টিং, সঠিক সম্পদ মূল্যায়ন এবং কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন