
মানবতাবিরোধী অপরাধের এক মামলায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এ আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
এর মধ্য দিয়ে ২০১৫ সালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল নেতা টিপু হাওলাদার এবং জাসাস নেতা কবির মোল্লাকে বিচারবহির্ভূত হত্যার ঘটনায় আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।
মামলার অন্য আসামিরা হলেন বরিশালের সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ, উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম এবং মো. জসিম উদ্দিন। এর মধ্যে হাসানাত আবদুল্লাহ ও এহসানউল্লাহ পলাতক রয়েছেন। অপর দুই আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং অভিযোগ গঠনের সময় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনানোর পর বিচারপতি নজরুল ইসলাম উপস্থিত দুই আসামির কাছে জানতে চান, তারা দোষ স্বীকার করেন কি না। জবাবে মাহাবুল ইসলাম ও জসিম উদ্দিন নিজেদের নির্দোষ দাবি করেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, টিপু হাওলাদার ও কবির মোল্লা ছিলেন হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে তাদের হত্যার পরিকল্পনা ও ষড়যন্ত্র করা হয়।
অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাতে গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া বাইপাস সড়কের বড় ব্রিজের পশ্চিম পাশে টিপু হাওলাদার ও কবির মোল্লাকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগে বলা হয়েছে, হাসানাত আবদুল্লাহ ও এহসানউল্লাহ তাদের অধস্তন পুলিশ সদস্যদের ব্যবহার করে এই হত্যাকাণ্ড সংঘটিত করেন।
মন্তব্য করুন