
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম ভবিষ্যতে আরও দক্ষ, আধুনিক ও গতিশীল হয়ে উঠবে।
বুধবার গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির মিলনায়তনে আয়োজিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আনসার বাহিনী শুধু তাদের ওপর অর্পিত দায়িত্বই পালন করছে না, পাশাপাশি প্রযুক্তিনির্ভর কার্যক্রম ও দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রেও বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামাঞ্চল থেকে শহর, বন্দর এলাকা এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চল পর্যন্ত তারা দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও আনসার বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, আনসার বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রীতি জোরদারে কাজ করছে। একইভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন। এর ফলে বাহিনীটি শুধু নিরাপত্তা রক্ষায় নয়, সামাজিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ‘সঞ্জীবন’ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশমুখী দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।
এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ভিডিপি একাডেমি এর ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে তিনি মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন শেষে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। পরে দেশের বিভিন্ন জেলায় কর্মরত আনসার সদস্যদের সমস্যার বিষয়েও খোঁজ নেন।
মন্তব্য করুন