
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার-এর দাফন সম্পন্ন হয়েছে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর সোমবার সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সকালে সেখানে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। পরে নানাবাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়। এসময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় মানুষ শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন। স্বজনদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
এর আগে রোববার বিকেলে কারিনা কায়সারের মরদেহ দেশে আনা হয়। পরে রাজধানীতে একাধিক জানাজা অনুষ্ঠিত হয়।
বাদ মাগরিব রাজধানীর ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হয়। পরে রাত ১০টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।
গত ১৫ মে ভারতের চেন্নাইয়ের Christian Medical College Hospital-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। গুরুতর অসুস্থ হওয়ার পর ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতে নেওয়া হয়েছিল।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম কারিনার অসুস্থতার খবর জানান। তিনি বলেন, চিকিৎসকেরা কারিনার শরীরে হেপাটাইটিস এ ও ই শনাক্ত করেছিলেন, যা থেকে পরবর্তীতে লিভার ফেইলরের জটিলতা তৈরি হয়।
জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় এক সপ্তাহ আগে থেকেই জ্বরে ভুগছিলেন কারিনা। পরে গত ৮ মে রাতে হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তার স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট শেয়ার করছেন।
মন্তব্য করুন