
বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর সঙ্গে প্রযুক্তি জায়ান্ট গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তর এবং সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) যুক্তরাজ্যের লন্ডনে কুইন এলিজাবেথ-২ সেন্টারে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে গুগলের কর্মকর্তারা বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গুগলের চলমান বৈশ্বিক উদ্যোগ ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে শিক্ষামন্ত্রীকে অবহিত করেন।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বাংলাদেশ সরকারের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত দূরদর্শী পরিকল্পনা ও রোডম্যাপ গুগলের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
এই বৈঠককে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন