
দেশের ডিজিটাল বিনোদন অঙ্গনে যুক্ত হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফরম উৎসব। ‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে প্ল্যাটফরমটি।
আগামী ২১ মে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে নতুন এই স্ট্রিমিং সেবা। বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব ফিল্মকে প্রাধান্য দিয়েই কনটেন্ট লাইব্রেরি সাজানোর পরিকল্পনা রয়েছে তাদের।
সংশ্লিষ্টরা বলছেন, শুরু থেকেই বাংলা ভাষার মৌলিক ও মানসম্মত কনটেন্টকে কেন্দ্র করে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় ‘উৎসব’।
প্ল্যাটফরমটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি বলেন, বাংলা কনটেন্টকে আরও সহজ, আধুনিক ও আকর্ষণীয় উপায়ে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, স্থানীয় দর্শকদের রুচি ও চাহিদা বিবেচনায় রেখে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কনটেন্ট তৈরি ও প্রচার করা হবে।
দেশে ওটিটি প্ল্যাটফরমের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে নতুন এই উদ্যোগ বাংলা ভাষাভিত্তিক ডিজিটাল কনটেন্ট শিল্পে নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, দেশীয় কনটেন্টনির্ভর প্ল্যাটফরমগুলো শক্তিশালী হলে স্থানীয় নির্মাতা, অভিনেতা ও প্রযুক্তিনির্ভর বিনোদন খাত আরও সম্প্রসারিত হবে।
মন্তব্য করুন