
রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা কর্মবিরতি শুরু করেছেন। এতে হাসপাতালের সেবা ব্যাহত হয়ে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু হয় এবং দুপুর ১২টা পর্যন্ত তা চলতে থাকে। আন্দোলনকারীরা জানান, ২০২১ সালে করোনা মহামারির সময় আউটসোর্সিং পদ্ধতিতে তাঁদের নিয়োগ দেওয়া হয়। এখন তাঁদের ঠিকাদারের অধীনে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে তাঁরা বিরোধিতা করছেন।
আয়া হিসেবে কর্মরত ফারজানা আক্তার বলেন, “আমরা আগের মতো আউটসোর্সিংয়েই থাকতে চাই। ঠিকাদারের অধীনে গেলে আমাদের অনেক সুযোগ-সুবিধা কমে যাবে। চাকরির নিরাপত্তা থাকবে না।”
ওয়ার্ডম্যান রফিকুল ইসলাম বলেন, “ঠিকাদারের অধীনে গেলে যখন-তখন চাকরি চলে যেতে পারে, বেতন ও অন্যান্য সুবিধা কমিয়ে দেওয়া হতে পারে। তাই আমাদের এক দফা দাবি— আমরা ঠিকাদারের অধীনে যাব না।”
কর্মবিরতির কারণে হাসপাতালের নিয়মিত সেবা ব্যাহত হয়েছে। অনেক রোগী ও তাদের স্বজন অভিযোগ করেছেন যে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সেবা সময়মতো পাচ্ছেন না।
নোয়াখালী থেকে আসা আবদুর বর জানান, তাঁর ৮ মাস বয়সী নাতনি জান্নাত বেগমকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। চিকিৎসক কিছু পরীক্ষার পরামর্শ দিলেও কর্মচারীরা কর্মবিরতির কারণে তা করতে পারছেন না। তিনি বলেন, “শিশুর অবস্থা খারাপ, কিন্তু সেবা পাচ্ছি না।”
হাসপাতাল কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। আন্দোলনকারীরা বলছেন, তাঁদের দাবি মানা না হলে কর্মবিরতি অব্যাহত থাকবে।
এ ঘটনায় কোভিড-১৯ আক্রান্ত ও অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন