চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ভূগর্ভে আটকা পড়ে আছেন ৩৮ জন শ্রমিক। শুক্রবার সন্ধ্যায় চাংঝি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনক সীমা অতিক্রম করার পর বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণের সময় খনির ভেতরে মোট ২৪৭ জন শ্রমিক কর্মরত ছিলেন।
দুর্ঘটনার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা বিভাগ। শনিবার সকাল ৬টা পর্যন্ত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। তবে এখনো বহু শ্রমিক খনির ভেতরে আটকা রয়েছেন এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর চীনের প্রেসিডেন্ট Xi Jinping নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে “সর্বাত্মক প্রচেষ্টা” চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন তিনি। দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট।
চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত শানসি প্রদেশ দীর্ঘদিন ধরেই খনি দুর্ঘটনার জন্য আলোচিত। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও তদারকির ঘাটতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে।
সূত্র: সিএনএন
মন্তব্য করুন