রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই মামলার চার্জশিট দাখিল করা সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৩ মে) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দেওয়া হলে মামলার বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই সঠিক ও গ্রহণযোগ্য তদন্তের জন্য ডিএনএ রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট পেতে ৭২ ঘণ্টার বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে। ঈদের আগেই চার্জশিট জমা দেওয়া সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা যাবে।
তিনি আরও বলেন, শিশু রামিসা হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের পর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন