বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ বাক্যটি। একই সঙ্গে পাসপোর্টের ভেতরের পাতার নকশা ও জলছাপেও আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ডিজাইনের পাসপোর্টে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ–এর ছবি যুক্ত করা হবে। পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক নিদর্শনের জলছাপও সংযোজন করা হচ্ছে।
এর আগে ২০২০ সালের শেষ দিকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়। এবার সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিনের অবস্থান এবং জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখে আবারও এ বাক্যটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এ সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়। গত বছরের ৭ এপ্রিল এ বিষয়ে একটি আদেশ জারি হলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। এখন নতুনভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে বঙ্গভবন, জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, আমবাগান, টাঙ্গুয়ার হাওর, নীলগিরি এবং পানাম নগর–এর ছবি।
এছাড়া বর্তমানে থাকা কক্সবাজার সমুদ্রসৈকত–এর নৌকার ছবিটিও পরিবর্তন করা হবে বলে জানা গেছে।
অন্যদিকে নতুন ডিজাইনে বাদ পড়ছে ধানমন্ডি ৩২, শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতা স্তম্ভ, মডেল মসজিদ, কান্তজিউ মন্দির, যমুনা সেতু, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং মুজিবনগর স্মৃতিসৌধ–এর ছবি।
মন্তব্য করুন