
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাসদস্যরা শিগগিরই ব্যারাকে ফিরে যেতে পারবেন বলে তিনি আশা করছেন।
বৃহস্পতিবার কুমিল্লা সেনানিবাস–এ আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সেনাপ্রধান বলেন, “আশা করছি যে কিছু সময়ের মধ্যে আমরা সবাই ব্যারাকে ফেরত আসতে পারবো।” তিনি জানান, ইতোমধ্যে অনেক সেনাসদস্য ব্যারাকে ফিরে গেছেন। তবে এখনো ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য দেশের ৬২টি জেলায় দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, সরকার যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে যাবে। বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিশেষ করে ফুয়েল ডিপোগুলোতে সেনা মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সেনাপ্রধান দেশ গঠন ও জাতীয় স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
গত ১৬ মে শুরু হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর কেন্দ্রীয় ফায়ারিং প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
মন্তব্য করুন