বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে শেখ রবিউল আলম–এর সঙ্গে বৈঠক করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)–এর একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বৈঠকে দেশের সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহন খাতের চলমান উন্নয়ন কার্যক্রম, টেকসই অবকাঠামো নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের যোগাযোগব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে জাইকার দীর্ঘদিনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে জাইকার অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং চলমান বিভিন্ন প্রকল্পে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।
এদিকে জাইকা প্রতিনিধিদলও বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন কার্যক্রমে অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। ভবিষ্যতেও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতা জোরদারের আশ্বাস দেয় সংস্থাটি।
মন্তব্য করুন