
ঈদুল আজহাকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে আবারও বড় উল্লম্ফন দেখা গেছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ হাজার কোটি টাকার সমান।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চলতি মাসের প্রথম ২০ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৩ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৮৯ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি বেড়েছে ২০ দশমিক ৯০ শতাংশ।
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, কোরবানির ঈদ উপলক্ষে প্রবাসীরা পরিবার-পরিজনের জন্য অতিরিক্ত অর্থ পাঠানো শুরু করায় রেমিট্যান্স প্রবাহে এই গতি তৈরি হয়েছে। প্রতি বছর ঈদের আগে সাধারণত রেমিট্যান্স বাড়লেও এবার প্রবাহ আরও শক্তিশালী অবস্থানে রয়েছে।
এর আগে গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ ডলার রেমিট্যান্স। আর গত মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।
মন্তব্য করুন